টেস্টে পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক বাংলাদেশের

মেহেদী হাসান

খেলা

সময় সত্যিই বদলে গেছে। একসময় পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতাই ছিল বাংলাদেশের কাছে স্বপ্নের মতো। সেই পাকিস্তানই এখন টাইগারদের সামনে টানা

2026-05-13T01:03:50+00:00
2026-05-13T01:03:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
টেস্টে পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক বাংলাদেশের
মেহেদী হাসান
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১:০৩ এএম 
৫ উইকেট নিয়ে ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় স্পেল উপহার দেন নাহিদ রানা। ছবি : সংগৃহীত
সময় সত্যিই বদলে গেছে। একসময় পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতাই ছিল বাংলাদেশের কাছে স্বপ্নের মতো। সেই পাকিস্তানই এখন টাইগারদের সামনে টানা তিন ম্যাচে অসহায় আত্মসমর্পণ করল। 

২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক ২-০ সিরিজ জয়ের পর এবার মিরপুরেও লেখা হলো নতুন ইতিহাস। প্রায় পাঁচ ঘণ্টা বৃষ্টিতে খেলা বন্ধ থাকার পরও দমে যায়নি বাংলাদেশ। 

পঞ্চম দিনের শেষ সেশনে আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টানা তৃতীয় টেস্ট জয়ের আনন্দে ভাসল নাজমুল শান্তর দল।

মিরপুর টেস্টে বাংলাদেশের জয়ের নায়ক পুরো দল। তবে শেষ আঘাতটা হেনেছেন নাহিদ রানা। ভয়ংকর গতিতে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন এই তরুণ পেসার। ৯.৫ ওভারে ৪০ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় স্পেল উপহার দেন। 

নাহিদের সঙ্গে তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম নেন দুটি করে উইকেট। প্রথম ইনিংসে ফাইফার পাওয়া মেহেদী হাসান মিরাজ যোগ করেন আরেকটি উইকেট।

চতুর্থ ইনিংসে গতকাল জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল কঠিন। কিন্তু শুরুতে ইমাম-উল-হকের উইকেট হারানোর পরও ম্যাচে লড়াই ধরে রাখেন অভিষিক্ত ব্যাটার আব্দুল্লাহ ফজল। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অসাধারণ ধৈর্যের পরিচয় দেন। 

লাঞ্চের পর মেহেদী হাসান মিরাজকে টানা দুই চার মারেন। পরে নাহিদ রানাকেও টানা তিন বাউন্ডারিতে চাপে ফেলেন। সিøপ অঞ্চলে দুবার জীবন পেয়েও দারুণ আত্মবিশ্বাসে খেলছিলেন এই বাঁহাতি ব্যাটার।

তবে বাংলাদেশও অপেক্ষা করছিল সঠিক মুহূর্তের। মিরাজ ফিরিয়ে দেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আজান আওয়াইজকে। অফ স্পিনারের বল লাইন ধরে এগিয়ে গিয়ে স্টাম্পে আঘাত হানে। দ্বিতীয় ইনিংসে ১৫ রানেই থামতে হয় আজানকে। 

এরপরই শুরু নাহিদ-ঝড়। পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে ফিরিয়ে দেন তিনি। দ্রুতই সাজঘরে ফেরান সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানকে। মুহূর্তেই পাকিস্তানের স্কোর বোর্ডে ধস নামে। রানের গতি কমে একাধিক উইকেট হারিয়ে বসে সফরকারীরা।

অভিষেক টেস্টেই দুই ইনিংসে ফিফটি করা ফজল অবশ্য একপ্রান্ত আগলে রেখেছিলেন। ইবাদত হোসেনের বলে দারুণ এক আপার কাটে তুলে নেন ফিফটি। পাকিস্তানের ইতিহাসে অভিষেক টেস্টের দুই ইনিংসে ফিফটি করা ষষ্ঠ ব্যাটসম্যান হন তিনি। 

কিন্তু চা বিরতির পর প্রথম ওভারেই ম্যাচ ঘুরে যায় পুরোপুরি। তাইজুল ইসলামের টার্ন করা বল রক্ষণাত্মক ব্যাটে লেগে ক্যাচ ওঠে। রিভিউতে নিশ্চিত হয় আউট। ১১৩ বলে ১১ চারে ৬৬ রান করে বিদায় নেন ফজল।

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি পাকিস্তান। তাসকিন আহমেদের বলে দ্বিতীয় সিøপে ক্যাচ দেন সালমান আলি আগা। কঠিন সেই ক্যাচ নিতে গিয়ে বুকে আঘাত পান সাদমান ইসলাম, তবু বল মাটিতে পড়তে দেননি।

শেষদিকে নাহিদ আবার আঘাত করেন সফরকারী শিবিরে। নোমান আলি ও শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেট। এরপরই শেষ হয় পাকিস্তানের প্রতিরোধ। 

এর আগে পঞ্চম দিনের সকালে দ্রুত রান তুলে ম্যাচ বাঁচিয়ে রাখার সাহসী চেষ্টা করে বাংলাদেশ। ২০ ওভারে ৮৮ রান যোগ করলেও হারায় ৬ উইকেট। শুরুতেই হাসান আলির বলে মিড-অফে ক্যাচ দিয়ে ২২ রানে ফেরেন মুশফিকুর রহিম।

লিটন দাসও বেশিক্ষণ টিকতে পারেননি। শাহিন আফ্রিদির শর্ট বলে হুক করতে গিয়ে ফাইন লেগে অসাধারণ ক্যাচে ধরা পড়েন ১১ রানে। মেহেদী হাসান মিরাজ কিছুটা ঝড় তোলেন। দুটি চার ও একটি ছক্কায় ২৪ রান করার পথে টেস্ট ক্যারিয়ারে ১০০ উইকেট পূর্ণ করেন তিনি। পরে নোমান আলির শিকার হন।

দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু রিভার্স সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হন ৮৭ রানে। অল্পের জন্য ইতিহাস গড়া হয়নি তার। 

সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারের পর টেস্টে তিনবার জোড়া সেঞ্চুরি করা চতুর্থ ব্যাটার হওয়ার সুযোগ হাতছাড়া করেন বাংলাদেশ অধিনায়ক।

তবু আক্ষেপে ডুবে থাকার দিন ছিল না এটি। কারণ মিরপুরের আকাশে তখন কেবল বাংলাদেশের জয়গান। ব্যাটে, বলে, সাহসে আর বিশ্বাসে পাকিস্তানকে আবারও হারিয়ে দিল টাইগাররা। 

একসময় যারা পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের স্বপ্ন দেখত, আজ তারাই পাকিস্তানের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন।

/এসএকে


  বিষয়:   টেস্ট  ক্রিকেট  পাকিস্তান  বাংলাদেশ  টাইগার 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: