ইরানের সাথে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতকে রক্ষা করতে এগিয়ে এসেছিল ইসরায়েল। অতি গোপনীয়তার সাথে আমিরাতে ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেটি পরিচালনার জন্য প্রশিক্ষিত সেনা পাঠায় তেল আবিব। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি গত মঙ্গলবার তেল আবিবে এক অনুষ্ঠানে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্রদূত হাকাবি বলেন, ইসরায়েল সম্প্রতি আমিরাতে আয়রন ডোম ব্যাটারি এবং এটি পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল পাঠিয়েছে। এটি সম্ভব হয়েছে কারণ ২০২০ সালের ‘আব্রাহাম অ্যাকর্ড’-এর মাধ্যমে দুই দেশের মধ্যে এক অনন্য ও শক্তিশালী সম্পর্ক তৈরি হয়েছে। ইতিপূর্বে বিভিন্ন সংবাদমাধ্যম এই সহায়তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করলেও, মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এটিই প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি।
গত ফেব্রুয়ারিতে ইরান ও মার্কিন-ইসরায়েল জোটের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান ধারাবাহিকভাবে আমিরাতকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আমিরাত কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, ইরান এখন পর্যন্ত তাদের ভূখণ্ডে প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২,২০০-এর বেশি ড্রোন ছুড়েছে।
হামলার কারণে আমিরাতের পর্যটন ও বাণিজ্যিক ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ হয়েছে, তেমনি বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে। আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি জানিয়েছে, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত তাদের প্রধান প্রাকৃতিক গ্যাস প্ল্যান্ট ‘হাবশান’ বর্তমানে মাত্র ৬০ শতাংশ সক্ষমতায় চলছে। এটি পূর্ণ শক্তিতে ফিরতে ২০২৭ সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে।
আঞ্চলিক অন্য দেশগুলো মধ্যস্থতার কথা বললেও, আমিরাত ইরানের বিরুদ্ধে বেশ কঠোর অবস্থান নিয়েছে। অভিযোগ উঠেছে, পাকিস্তান যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার চেষ্টা করছিল, তখন আমিরাত পর্দার আড়াল থেকে তা বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। এমনকি গত এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি ঘোষণার সমসাময়িক সময়ে ইরানের লাভান দ্বীপে আমিরাত বিমান হামলা চালিয়েছে বলেও মার্কিন গণমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ দাবি করেছে। যদিও আমিরাত আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি।
আগে জানা গিয়েছিল যে ইসরায়েল কেবল আয়রন ডোম পাঠিয়েছে, তবে ফিন্যান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র রুখতে ইসরায়েল তাদের অত্যাধুনিক ‘আয়রন বিম’ (লেজার প্রতিরক্ষা ব্যবস্থা) প্রযুক্তিও আমিরাতে মোতায়েন করেছে।
/কহু