দেশের বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রামপাল বিদ্যুৎকেন্দ্র জরুরি ভিত্তিতে ১ হাজার কোটি টাকার আবেদেন জানানো হয়েছে।
উৎপাদন অব্যাহত রাখা, কয়লা আমদানি, ঋণ পরিশোধ এবং পরিচালন ব্যয় মেটাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছে এ অর্থ চেয়েছে কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআইএফপিসিএল)।
এদিকে, গত ১০ মে বিআইএফপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পুজারি বিপিডিবির চেয়ারম্যানকে এক চিঠি পাঠান।
চিঠিতে রমানাথ পুজারি জানান, নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ছাড় না হলে প্রতিষ্ঠানটি ঋণ পরিশোধে খেলাপির ঝুঁকিতে পড়তে পারে। পাশাপাশি কয়লা আমদানি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, যা উৎপাদনেও প্রভাব ফেলতে পারে।
এতে আরও জানানো হয়, এ সকল ব্যয় ছাড়াও জাহাজ থেকে কয়লা খালাসে বিলম্ব হলে ডেমারেজ চার্জও বাড়তে পারে।
চিঠিতে বলা হয়েছে, ঈদুল আজহার ছুটির কারণে আগামী ২৪ মে ব্যাংকিং কার্যক্রমের শেষ দিন। তাই চলতি মাসের ২০ তারিখের মধ্যে অর্থ ছাড়ের অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিআইএফপিসিএলের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের গেল এপ্রিল মাসে কেন্দ্রটি ৭০০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে, যা ওই মাসে দেশের মোট উৎপাদনের ৯ শতাংশের বেশি।
এর আগে, ২০২৫ সালের ডিসেম্বরে কেন্দ্রটি একাই ৬৪০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় উৎপাদনের ১১ দশমিক ৫ শতাংশ সরবরাহ করেছিল বলে জানা গেছে।
/কেএইচও