সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, খাল পুনঃখনন কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের কৃষি খাতে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। এই প্রকল্প সম্পন্ন হলে একদিকে যেমন মাছের চাষ বৃদ্ধি পাবে, অন্যদিকে জলাবদ্ধতা নিরসনসহ পাটের জাগ দিতে কৃষকদের আর পানির কষ্ট পোহাতে হবে না।
মঙ্গলবার (১১ মে) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় দু’টি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খাল দু’টি পুনঃখনন করা হলে সেচ সুবিধা সম্প্রসারণের পাশাপাশি বন্যার পানি নিষ্কাশনেও ইতিবাচক প্রভাব পড়বে, যা স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, এই প্রকল্পটি ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’-এর আওতায় বাস্তবায়িত হচ্ছে। এর ফলে এলাকার কর্মহীন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
প্রকল্প দু’টির মধ্যে রয়েছে- গোয়ালন্দ নজির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় হতে বিশ্বনাথ পাড়া বেড়িবাঁধ অভিমুখী খাল এবং উজান চর হাবিল মণ্ডলের পাড়া কালামের বাড়ি হতে ফয়জদ্দিন মাতুব্বরের পাড়া সলিম মাতুব্বরের বাড়ি পর্যন্ত খাল পুনঃখনন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
/কহু