চট্টগ্রামের লোহাগাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মাওলানা আবুল কাশেম (৬০) নামে এক মাদরাসার সুপার নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে।
আবুল কাশেম ওই এলাকার আবদুস সোবহানের ছেলে এবং চরম্বা জামিউল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার ছিলেন। তিনি ৩ ছেলে ও ২ সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাশেমের সঙ্গে তার চাচাতো ভাই প্রবাসী নুরুল হক, হারুনুর রশিদ ও সামশুল আলম গংদের দীর্ঘদিনের জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে বিরোধপূর্ণ জায়গায় প্রতিপক্ষরা নতুন ঘর নির্মাণের কাজ শুরু করলে কাশেমের বোন ছকিনা বেগম বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা তাকে ছুরিকাঘাত করে।
খবর পেয়ে মাওলানা আবুল কাশেম মাদরাসা থেকে ঘটনাস্থলে ছুটে আসেন। তখন এয়াকুব মিস্ত্রির সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে হারুন ও ওসমান লাঠি দিয়ে আবুল কাশেমের মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
এই সংঘর্ষে উভয় পক্ষের আরও তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন, নিহতের বোন ছকিনা বেগম (৬৫)। শাহ আলম (৬৯) তিনি গুরুতর আহত। হারুনুর রশিদ (৪০)।
লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এজাজুল ইসলাম শিহাব জানান, কাশেমকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। গুরুতর আহত শাহ আলমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ নিহতের চাচাতো ভাই সামশুল আলমকে (কবির আহমদের ছেলে) আটক করেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং মোহাম্মদ শামসু নামে এক জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/জোই