ঈদুল আজহায় আবারও বড়পর্দায় নিজের অভিনীত সিনেমা নিয়ে হাজির হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে আলোচিত চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির। ‘বিদায়’ শিরোনামের এই সিনেমাটি পরিচালিনা করেছেন মেহেদী হাসান। এতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবু।
গত বছরের অক্টোবরে সুনামগঞ্জে শুরু হওয়া শুটিং শেষ করার পরিকল্পনা ছিল চলতি বছরের ঈদুল ফিতরে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় মুক্তি পিছিয়ে আসছে। ঈদুল আজহায় মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। যদিও এটি এখনও চূড়ান্ত হয়নি।
বিদায় সিনেমার গল্প গড়ে উঠেছে প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে যাওয়ার স্বপ্ন ও বাস্তবতাকে কেন্দ্র করে। সিনেমাটি নিয়ে দীঘি বললেন, ‘বিদায় এমন একটি গল্প, যা শুধু দেখার জন্য নয়, মনে রাখার মতো। এতে আবেগ ও বাস্তবতার মিশেল আছে, নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাওয়ার মতো অনেক মুহূর্ত রয়েছে। দারুণ একটি গল্পে সিনেমাটি তৈরি হচ্ছে। এ ধরনের গল্প আমাদের এখানে খুব একটা দেখা যায় না। পরিবার নিয়ে দেখার মতো একটি কাজ এটি। দর্শক হল থেকে বের হওয়ার পরও গল্পটি তাদের ভেতরে রয়ে যাবে, এমনটাই বিশ্বাস করি।’
সিনেমাটির পরিচালক মেহেদী হাসান বলেন, ‘আমাদের এই সিনেমায় প্রচলিত অর্থে কোনো একক নায়ক নেই; বরং গল্পই এখানে মুখ্য। এটি একটি মানবিক ও সচেতনতামূলক গল্প, যা পরিবার নিয়ে দেখার মতো। যতুটুকু বাকি ছিল সিনেমার শুটিং সেটির কাজ করছি এখন। চেষ্টা করছি ঈদেই আসার। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসলে শুটিং শেষ হওয়ার পরই হবে।’
গত বছরের অক্টোবরে সুনামগঞ্জে হওয়া সিনেমাটির প্রায় ৯৮ ভাগ শুটিং শেষ। এখন চলছে বাকি শুটিংয়ের কাজ। এরপরই সিনেমাটির মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন পরিচালক।
বিদায়-এর পাশাপাশি দীঘি আরেকটি কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন। সুমন ধর পরিচালিত একটি ওয়েব সিনেমার শুটিং ইতিমধ্যে শেষ করেছেন তিনি, সেটিও ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে। এর বাইরে ঈদের পর বেশ কয়েকটি নতুন কাজ শুরু হওয়ার কথা রয়েছে তার।
প্রসঙ্গত, গত বছরের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি‘ সিনেমাটি ছিল দীঘি অভিনীত মুক্তি পাওয়া সবশেষ সিনেমা।
সেই সিনেমায় তার অভিনয় যথেষ্ট আলোচিত ছিল।
সময়ের আলো/জেডি