রাজধানী ঢাকায় দিন শুরু হয়েছে তীব্র রোদ আর ভারী দূষিত বাতাসের মধ্য দিয়ে। সকাল থেকেই নগরজুড়ে ধূলিকণা, যানবাহনের কালো ধোঁয়া ও নির্মাণকাজের বর্জ্যে বাতাসের মান এতটাই খারাপ হয়ে ওঠে যে সাধারণ মানুষের জন্য শ্বাস নেওয়াও কষ্টকর হয়ে পড়ে।
বিশ্বের বিভিন্ন শহরের বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের বৃহস্পতিবারের (১৪ মে) লাইভ সূচক অনুযায়ী, দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এ সময় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই স্কোর ছিল ১৬৫, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে।
তালিকায় প্রথম অবস্থানে রয়েছে মিসরের রাজধানী কায়রো, যার স্কোর ১৬৮। এরপর রয়েছে বাংলাদেশের ঢাকা। তৃতীয় স্থানে চীনের বেইজিং, চতুর্থে চিলির সান্তিয়াগো এবং পঞ্চম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।
আরও পড়ুন
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ৫০-এর নিচে থাকলে বাতাস ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত সহনীয় হলেও ১৫১-এর ওপরে চলে গেলে তা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত হয়। সেই হিসাবে বর্তমানে ঢাকার বাতাস স্বাস্থ্যঝুঁকির পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পরিবেশবিদদের মতে, রাজধানীতে চলমান অবকাঠামো নির্মাণ, অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রম, পুরোনো যানবাহনের ধোঁয়া এবং দীর্ঘদিন বৃষ্টিহীন আবহাওয়ার কারণে বাতাসে ক্ষতিকর বস্তুকণার পরিমাণ বাড়ছে। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টজনিত রোগীরা।
চিকিৎসকরাও সতর্ক করে বলেছেন, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে কম বের হওয়া এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত। একইসঙ্গে ঘরের জানালা বন্ধ রাখা ও বেশি পানি পান করার পরামর্শও দিয়েছেন তারা।
এদিকে বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। শহরটির একিউআই স্কোর ছিল মাত্র ৯, যা অত্যন্ত ভালো বায়ুমানের ইঙ্গিত দেয়।
এএডি/