কয়েকদিনের ভ্যাপসা গরমের পর রাজধানী ঢাকায় কিছুটা স্বস্তি এনে দিয়েছে বৃষ্টি। গত ২৪ ঘণ্টায় শহরে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আজ দিনের তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে প্রকাশিত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সকাল থেকে পরবর্তী কয়েক ঘণ্টা ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একইসঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
আরও পড়ুন
সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৯১ শতাংশ। আগের দিন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টির কারণে গরমের তীব্রতা আগের তুলনায় কম অনুভূত হতে পারে। তবে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা আবহাওয়া পুরোপুরি কাটছে না।
এদিকে দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রামের কিছু অংশ এবং খুলনা ও বরিশালের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে।
এএডি/