দেশজুড়ে আবারও সক্রিয় হয়ে উঠছে বৃষ্টিবলয়। আগামী কয়েকদিন দেশের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অতি ভারী বর্ষণের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে।
আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু অংশে এবং খুলনা ও বরিশালের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন
বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার ও শনিবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এ সময়ও ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
রোববার ও সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও বজ্রপাত ও ঝড়ো হাওয়ারও আশঙ্কা রয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃষ্টিপাত বাড়লেও আপাতত তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন আসবে না। তবে আগামী কয়েক দিনে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এএডি/