দেশে ভোটার সংখ্যা ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বেড়েছে। বৃহস্পতিবার (১৪ মে) ২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) এসব তথ্য নিশ্চিত করেছে।
ইসির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। এর আগে এই সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
ইসি সচিবালয়ের এনআইডি শাখার মহাপরিচালক এএইচএম আনোয়ার পাশা স্বাক্ষরিত এই হালনাগাদ তালিকায় দেখা যায়, দেশে মোট পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন। তথ্য অনুযায়ী, এ সময়ে ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।
নির্বাচন কমিশন জানায়, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যারা ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, যথাযথ যাচাই-বাছাই শেষে কমিশন তাদের তথ্য এই হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। মূলত চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত যারা সফলভাবে নিবন্ধন সম্পন্ন করেছেন, তারাই এই তালিকায় স্থান পেয়েছেন।
এর আগে গত ২০ এপ্রিল কমিশন এই তালিকার প্রাথমিক খসড়া প্রকাশ করে। পরবর্তীতে ৩ মে পর্যন্ত তথ্যের ভুল সংশোধন ও ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ করা হয়। ৬ মের মধ্যে সেসব আবেদন নিষ্পত্তি করার পর আজ ১৪ মে চূড়ান্ত তালিকা প্রকাশ করল ইসি।
জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এর আগে জানিয়েছিলেন যে, নির্ধারিত সময়সূচি অনুযায়ীই ভোটার তালিকা হালনাগাদের পুরো কার্যক্রম সম্পন্ন করেছে কমিশন।
/কহু