হরমুজ প্রণালির কাছে সংযুক্ত আরব আমিরাতের উপকূল থেকে একটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে অজ্ঞাত ব্যক্তিরা।
বৃহস্পতিবার (১৪ মে) ইউকে মেরিটাইম এজেন্সি জানিয়েছে, আমিরাতের ফুজাইরাহ থেকে ৭০ কিলোমিটার দূরে নোঙর করা অবস্থায় জাহাজটি কবজায় নেওয়া হয়। বর্তমানে সেটিকে ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে চরম অস্থিরতা বিরাজ করছে। ইরান বর্তমানে এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে রেখেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ আরোপ করেছে। উল্লেখ্য, স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি এই রুট দিয়েই পরিবহন করা হতো।
সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে হামলার ঘটনা আরও বেড়েছে। গত রোববার দক্ষিণ কোরিয়ার একটি কার্গো জাহাজে ড্রোন হামলা চালানো হয়। কাতার জানায়, আমিরাত থেকে তাদের জলসীমায় আসার পথে জাহাজটি আক্রান্ত হয়।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহ আগে হরমুজে শক্তি প্রয়োগের মাধ্যমে জাহাজ চলাচলের জন্য একটি বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছিলেন। তবে সৌদি আরব ও বাহরাইন তাদের আকাশসীমা এবং সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি না দেওয়ায় ট্রাম্প সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য হন।
যদিও ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কারণেই তিনি অভিযান স্থগিত করেছেন।
সূত্র: এএফপি
সময়ের আলো/জেডি