বড় ভাইয়ের চা বাগানে বিষ প্রয়োগের অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের চা বাগানে বিষাক্ত রাসায়নিক (আগাছানাশক) প্রয়োগ করে বাগান ধ্বংস করার অভিযোগ উঠেছে ছোট

2026-05-15T21:30:23+00:00
2026-05-15T21:30:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বড় ভাইয়ের চা বাগানে বিষ প্রয়োগের অভিযোগ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৯:৩০ পিএম 
পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের চা বাগানে বিষাক্ত রাসায়নিক প্রয়োগের অভিযোগ। ছবি : সময়ের আলো
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের চা বাগানে বিষাক্ত রাসায়নিক (আগাছানাশক) প্রয়োগ করে বাগান ধ্বংস করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। 

উপজেলার শালবাহান ইউনিয়নের পেদিয়াগজ গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার পঞ্চগড় আমলী আদালতে মামলা দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পেদিয়াগজ গ্রামের আব্দুল হান্নান ও তার স্ত্রী লুৎফা বেগমের মালিকানাধীন প্রায় ২৯ শতক জমিতে একটি সাজানো চা বাগান রয়েছে। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা এই বাগানটিই তাদের পরিবারের আয়ের প্রধান উৎস। কিন্তু জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে আব্দুল হান্নানের সাথে তার ছোট ভাই আবু বক্কর সিদ্দিকের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

ভুক্তভোগী আব্দুল হান্নানের অভিযোগ, গত ১১ মে ভোরে প্রতিহিংসাবশত আবু বক্কর সিদ্দিক তার চা বাগানে বিষাক্ত আগাছানাশক (রাউন্ডআপ) স্প্রে করেন। এর কয়েকদিন পর থেকেই সবুজ চা বাগান বিবর্ণ হতে শুরু করে। বর্তমানে বাগানের প্রতিটি গাছ তামাটে রঙ ধারণ করে শুকিয়ে মরে যাচ্ছে। এতে কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।


সরেজমিনে দেখা গেছে, এক সময়ের সবুজে ঘেরা বাগানটি এখন মৃতপ্রায়। মরণাপন্ন গাছগুলো দেখে কান্নায় ভেঙে পড়েছেন আব্দুল হান্নান ও তার স্ত্রী। 

হান্নান বলেন, ‘আমার নিজের কেনা জমি ছোট ভাই দাবি করছে। গত ১১ মে সে পরিকল্পিতভাবে বিষ দিয়ে বাগানটি পুড়িয়ে দিয়েছে। আমি এখন নিঃস্ব হয়ে পড়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।’ 

হান্নানের স্ত্রী লুৎফা বেগম আক্ষেপ করে বলেন, ‘ধারদেনা করে অনেক কষ্টে এই বাগান গড়েছিলাম। নিজের আপন ভাই হয়ে এমন নিষ্ঠুর কাজ কীভাবে করতে পারল? আমাদের বাঁচার পথ বন্ধ হয়ে গেছে।’ 

তবে অভিযুক্ত আবু বক্কর সিদ্দিককে পাওয়া না গেলেও তাদের মা ফাতেমা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জমিটি ওয়ারিশ সূত্রে আমাদের। বাগানটি আমরাই করেছি। হান্নান বাগান দখলে রাখতে নিজেই বিষ দিয়ে এখন ভাইয়ের ওপর দোষ চাপাচ্ছে।’ 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বর্তমানে মামলাটি আদালতে তদন্তাধীন রয়েছে। 

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/কেএইচও


  বিষয়:   বড় ভাই  চা বাগান  বিষ প্রয়োগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: