চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৩০ বছর বয়সী এক মা। একই ঘটনায় মারা গেছে তার ২২ মাস বয়সী শিশুকন্যাও।
শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী বিএমএ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারিন আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত ছিলেন। চাকরির কারণে তিনি পরিবারসহ চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় বসবাস করতেন।
আরও পড়ুন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী ও শিশুকন্যাকে নিয়ে স্কুটারে করে ভাটিয়ারী গলফ ক্লাবে ঘুরতে গিয়েছিলেন তারিন। রাত সাড়ে ৮টার দিকে বাসায় ফেরার সময় বিএমএ গেট এলাকায় চলন্ত স্কুটি থেকে হঠাৎ সড়কে পড়ে যায় শিশুটি।
মেয়েকে বাঁচাতে কোনও কিছু না ভেবেই স্কুটি থেকে লাফ দেন মা। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি গাড়ি তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তারিন আক্তার। পরে গুরুতর আহত অবস্থায় শিশুকন্যাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকেও মৃত ঘোষণা করেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাটিয়ারী এলাকায় সড়ক দুর্ঘটনায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক নারী কর্মকর্তা ও তার শিশুকন্যার মৃত্যু হয়েছে।
এএডি/