ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিন ধরে নিজের স্ত্রী দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে- সংবাদ সম্মেলন করেছেন স্বামী।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী স্বামী আজহারুল ইসলাম ও তার পরিবার। নির্যাতনের শিকার স্বামী নিজেকে ঠাকুরগাঁও সদরের সালন্দর সিংপাড়া তালিমুল কুরআন মাদ্রাসার প্রধান শিক্ষক বলে পরিচয় দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, সালন্দর এলাকার সোলেমান আলীর মেয়ে লাভলী বেগমের সঙ্গে ১৯৯৯ সালের আগষ্ট মাসে বিয়ে হয় তার। তাদের দুটি সন্তান আছে। বিয়ের পর থেকেই স্ত্রী লাভলী বেগম স্বামীর পৈতৃক জমি তার নামে লিখে দিতে বলে। তা দিতে অস্বীকৃতি জানালে, সময়ের সঙ্গে সঙ্গে স্বামীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন বাড়তে থাকে। এক পর্যায়ে চলতি বছরের ২৬ এপ্রিল দেশের প্রচলিত আইনে তাদের তালাক হয়। এরই প্রেক্ষিতে গত ১৪ মে লাভলী ও তার ভাইয়েরা ৩০ থেকে ৩৫ জনের একটি দল নিয়ে আজহারুল ইসলাম ও তার পরিবার সহ মাদ্রাসায় হামলা চালায়। হামলার পর মাদ্রাসার দরজায় তালা ঝুলিয়ে দেয়।
এ ব্যাপারে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ তাদের উদ্ধার করে। আজহারুল ইসলাম ও তার ভাই বোনেরা হামলায় আহত হলে- তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার পর থেকে তিনি তার বাসায় যেতে পারছেন না, অন্যদিকে তালাবদ্ধ থাকায় পাঠ গ্রহণে ব্যর্থ হচ্ছে মাদ্রাসায় পড়তে আসা কোমলমতি শিক্ষার্থীরা। তাই দ্রুতই এ অবস্থা থেকে উত্তরণের জন্য এ সংবাদ সম্মেলন করেন তিনি।
/মহু