জমজমাট আয়োজন, উত্তেজনাপূর্ণ ম্যাচ আর কর্পোরেট অঙ্গনের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর দ্বিতীয় আসর। ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) ব্যানারে নাটমেগ আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় ২০টি শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল ও কর্পোরেট প্রতিষ্ঠান।
শুক্রবার (১৫ মে) অনুষ্ঠিত প্লেট ফাইনালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক টাইব্রেকারে শেভরন বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতে নেয়। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে শেষ হলে টাইব্রেকারে জয় নিশ্চিত করে স্ট্যান্ডার্ড চার্টার্ড। দলের তুর্য প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
অন্যদিকে মূল ফাইনালে রবি আজিয়াটা পিএলসি ও ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশ নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র করে। পরে টাইব্রেকারে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরে রবি আজিয়াটা পিএলসি। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য রবির শাকিব হন প্লেয়ার অব দ্য ম্যাচ।
টুর্নামেন্টে ডিএইচএল-এর শাহীনুর ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন। একই দলের সৈকত হন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট এবং রবির গোলরক্ষক মুসাব্বির নির্বাচিত হন সেরা গোলরক্ষক। এছাড়া লাফার্জ হোলসিম বাংলাদেশ পায় ফেয়ার প্লে ট্রফি।
ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এফআইসিসিআই কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজকদের ভাষ্য, এই আয়োজন কর্পোরেট অঙ্গনে ফুটবল সংস্কৃতি ও পারস্পরিক সম্প্রীতি আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
/এসএকে