রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর ৪ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুর প্রায় ২টার দিকে বাড়ির পাশের একটি স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার (১৫ মে) বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে শিশু হুমায়রা জান্নাত নিখোঁজ হয়। সে উপজেলার হাটকানপাড়া গ্রামের ওষুধ ব্যবসায়ী হাসিবুল হোসেন শান্তর মেয়ে। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।
শিশুটির বাবা দাবি করেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তার ভাষ্য অনুযায়ী, শিশুটিকে বিষ খাওয়ানো হয়েছে এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল। তিনি আরও বলেন, মরদেহ কোলে নেওয়ার সময় তার শরীরে রক্ত জমাট বাঁধার মতো অবস্থা দেখা গেছে এবং মুখে বিষের গন্ধ পাওয়া যায়। তিনি সন্তানের হত্যার বিচার দাবি করেছেন।
এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র জানান, শিশুটির শরীরে বড় ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পেট ফোলা ছিল এবং বাম হাতে কিছু ছোট জখমের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে মৃত্যুকে অস্বাভাবিক বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
দুর্গাপুর থানার ওসি জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কে বা কারা মরদেহ সেখানে ফেলে রেখেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।
/এসএকে