ঝিনাইদহ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি থেকে ৩ নেতা পদত্যাগ করেছেন। শনিবার বিকেলে শহরের পায়রা চত্বরে পদবঞ্চিত নেতাকর্মীদের ব্যানারে বিক্ষোভ শেষে তারা সাংবাদিকদের কাছে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারীরা হলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম এবং যুগ্ম সম্পাদক বখতিয়ার মাহমুদ।
এর আগে বিকেলে ওয়াজির আলী স্কুল মাঠ থেকে পদবঞ্চিত নেতাকর্মীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকলেও সম্প্রতি ঘোষিত কমিটিতে অনেক ত্যাগী নেতাকে বঞ্চিত করা হয়েছে। পাশাপাশি যাদের রাখা হয়েছে, তাদেরও যথাযথ পদ দেওয়া হয়নি বলে দাবি করেন তারা। এ কারণে সদ্য ঘোষিত কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও যোগ্য নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানান বক্তারা।
বিক্ষোভ শেষে নবগঠিত কমিটির তিন নেতা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
/এসএকে