অভিনেত্রী ও মডেল শাহ হুমায়রা সুবাহর ব্যক্তিগত জীবন আবারও আলোচনায়। গোপনে বিয়ের খবর প্রকাশের কিছুদিনের মধ্যেই এবার স্বামীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি।
শনিবার (১৬ মে) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সুবাহ দাবি করেন, বিয়ের পর থেকেই তিনি মানসিক চাপ ও অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছেন। তার অভিযোগ, স্বামী হাসান এখনো একাধিক সম্পর্ক বজায় রাখছেন এবং তাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন।
পোস্টে সুবাহ উল্লেখ করেন, স্বামীর আগেও একটি বিয়ে হয়েছিল, যা বিচ্ছেদে শেষ হয়। তার ধারণা, একই ধরনের পরিস্থিতির কারণেই আগের সংসারও টেকেনি। তিনি আরও দাবি করেন, বিয়ের পর থেকে তাকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন, ভয়ভীতি ও চাপের মুখে রাখা হচ্ছে।
আরও পড়ুন
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, সুন্দর ও শান্তিপূর্ণ সংসারের আশায় ইসলামি শরিয়াহ মেনে বিয়ে করলেও বাস্তবে তিনি উল্টো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। অতীত নিয়ে অপমান, অন্য নারীদের সঙ্গে সম্পর্কের অভিযোগ এবং নানা আচরণ তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।
সুবাহ আরও বলেন, বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তার দাবি, তাকে এমনভাবে চাপ দেওয়া হচ্ছে যেন তিনি নিজেই সম্পর্ক থেকে সরে দাঁড়ান।
পোস্টে তিনি জানান, তার কাছে বেশ কিছু প্রমাণ রয়েছে এবং সময়মতো সেগুলো প্রকাশ করবেন। একই সঙ্গে মানসিক কষ্টের কথা জানিয়ে সবার কাছে দোয়া ও সমর্থনও কামনা করেন এই অভিনেত্রী।
সুবাহর এই পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যদিও এ বিষয়ে তার স্বামীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এএডি/