গোপন ঘাটি দেখে ফেলায় ইরাকি মেষপালককে হত্যা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে ইসরায়েলের দুটি গোপন সামরিক ঘাঁটির উপস্থিতি এবং তা ধামাচাপা দিতে এক ইরাকি মেষপালককে হত্যার চাঞ্চল্যকর তথ্য ফাঁস

2026-05-17T23:22:31+00:00
2026-05-17T23:22:31+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
গোপন ঘাটি দেখে ফেলায় ইরাকি মেষপালককে হত্যা করল ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১১:২২ পিএম 
সংগৃহীত ছবি
ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে ইসরায়েলের দুটি গোপন সামরিক ঘাঁটির উপস্থিতি এবং তা ধামাচাপা দিতে এক ইরাকি মেষপালককে হত্যার চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ (এনওয়াইটি)-এর এক অনুসন্ধানমূলক প্রতিবেদনে এই বিস্ফোরক দাবি করা হয়েছে। এই ঘটনার পর থেকে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকা ইরাকের অভ্যন্তরে তীব্র ক্ষোভ ও তোলপাড় সৃষ্টি হয়েছে।

গত সপ্তাহে মার্কিন গণমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ প্রথম খবর প্রকাশ করে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ চলাকালীন ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে একটি গোপন আউটপোস্ট বা সামরিক চৌকি স্থাপন করেছে ইসরায়েল। মূলত বিমান হামলা জোরদার ও বিশেষ কমান্ডো বাহিনীকে সহায়তার জন্য এই ঘাঁটি ব্যবহার করা হচ্ছিল।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর ঠিক আগমুহূর্তে এই ঘাঁটিগুলো নির্মাণ করা হয়েছিল। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আওয়াদ আল-শাম্মারি নামের এক স্থানীয় ইরাকি মেষপালক নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যাওয়ার পথে দুর্ঘটনাবশত এই গোপন ঘাঁটির সন্ধান পেয়ে যান। ঘটনা ফাঁস হওয়ার ভয়ে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার থেকে তার পিকআপ ভ্যান লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানো হয়।

নিখোঁজের দুই দিন পর আওয়াদের পরিবার তার পোড়া গাড়ি ও মরদেহের সন্ধান পায়। আওয়াদের চাচাতো ভাই আমির নিউইয়র্ক টাইমসকে বলেন, আমাদের বলা হয়েছিল মরুভূমিতে আওয়াদের গাড়ির মতো একটি পোড়া পিকআপ ভ্যান পড়ে আছে, কিন্তু ভয়ে কেউ সেখানে যাওয়ার সাহস করছিল না। পরে আমরা সেখানে গিয়ে গাড়ি এবং আওয়াদের ঝলসানো মরদেহ উদ্ধার করি।

ইরাকি ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের এই বর্বরতার খবর ছড়িয়ে পড়ার পর দেশটির সাধারণ মানুষ ও রাজনীতিবিদদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারের কাছে এই বিষয়ে স্পষ্ট জবাবদিহিতা ও দোষীদের বিচারের দাবি উঠছে।

কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, শাম্মারি যে ঘাঁটিটি আবিষ্কার করেছিলেন, সেটির বিষয়ে ওয়াশিংটন অন্তত ২০২৫ সালের জুন মাস থেকেই অবগত ছিল। অর্থাৎ, ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র এই গোপন তথ্য ইরাক সরকারের কাছে সম্পূর্ণ গোপন রেখেছিল। এমনকি ইসরায়েলি পত্রিকা ‘মাআরিভ’ জানিয়েছে, ইরান থেকে ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমানের পাইলট ও ক্রুদের উদ্ধার করতে ইসরায়েল সেখানে অগ্রবর্তী রেসকিউ টিম ও কমান্ডো ইউনিট মোতায়েন করে রেখেছিল। এছাড়া ২০১৫ সালের জুন মাসে ইরানের বিরুদ্ধে হওয়া যুদ্ধেও এখানকার একটি পুরোনো ঘাঁটি ব্যবহৃত হয়েছিল।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইরাকি সংসদ সদস্য রায়েদ আল-মালিকি সরাসরি যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। তিনি বলেন, যুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের আকাশসীমা জায়নবাদী গোষ্ঠীর (ইসরায়েল) হাতে তুলে দিয়েছিল এবং আমাদের রাডার সিস্টেম বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। এখন এটি পরিষ্কার, শুধু আকাশসীমা নয়, ইরাকের ভূখণ্ডকেও তারা জায়নবাদীদের গোপন গোয়েন্দা কেন্দ্র বা ঘাঁটি তৈরির জন্য ব্যবহার করতে দিয়েছে।

এ বিষয়ে ইরাক সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।

/কহু


  বিষয়:   ইরাক  ইরান  বিমান হামলা  ইরান যুদ্ধ  সৌদি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: