দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, বর্তমান তারেক রহমানের উন্নয়নমুখী সরকার সব সেক্টরের উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ। সোমবার (১৮ মে) দুপুর ১২টার দিকে শহরের ইসলামবাগে সাড়ে চার কোটি টাকার ঘাগড়া সেতু ও রাস্তা নির্মাণ কাজসহ বিভিন্ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইসলামবাগের অন্য প্রকল্পগুলো হলো, ৪৫০ মিটার খাল সংস্কার, ৯১৫ মিটার ফুলবাড়ী বাসস্ট্যান্ড হয়ে ইসলামবাগ কাচারী মোড় ভায়া সিপাহীপাড়া রাস্তার কাজ।
তিনি দিনাজপুর বাসীর উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হয়েছি। দিনাজপুরের উন্নয়ন ছাড়া আমি আর কিছুই ভাবছি না। বিএনপির সরকার মানেই উন্নয়নের সরকার। তারেক রহমানের সরকার মানেই উন্নয়নের সরকার বলে অভিমত ব্যক্ত করেন এমপি জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, এলজিইডি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান, দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান, সদর উপজেলা প্রকৌশলী মো. রিশাদ জামান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া, আইডিইবি জেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রুবেল ইসলাম, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি সাইফুল্লাহ হারু প্রমুখ।
এরপর দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সবাই।