বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন সম্প্রতি প্রকাশ করেছেন জীবনের এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা। মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে একদল উত্তেজিত মানুষের হামলার মুখে পড়েছিলেন তিনি। দীর্ঘদিন পর সেই ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন অভিনেত্রী।
রাবিনা জানান, ২০২৪ সালের জুন মাসে হঠাৎ করেই প্রায় ৩০ জনের একটি দল তার বাড়ির সামনে জড়ো হয়। অভিযোগ ছিল, তার গাড়ি এক নারীকে ধাক্কা দিয়েছে। তবে অভিনেত্রীর দাবি, পুরো ঘটনাটি ছিল সাজানো এবং উদ্দেশ্য ছিল তাকে ভয় দেখিয়ে অর্থ আদায় করা।
তার ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত লোকজন তার গাড়িচালককে মারধর শুরু করলে তিনি নিজেই বাইরে এসে তাকে রক্ষা করার চেষ্টা করেন। পরে চালককে টেনে বাড়ির ভেতরে নিয়ে যান।
আরও পড়ুন
অভিনেত্রী আরও বলেন, এক ব্যক্তি জোর করে তার বাড়িতে ঢোকার চেষ্টা করলে তিনি নিজেই ওই ব্যক্তিকে কলার ধরে বাইরে বের করে দেন। সেই সময় বাড়িতে তার সন্তানরা ছিল, আর স্বামী অনিল থাডানি অফিসে ছিলেন।
রাবিনার দাবি, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে তিনি যাতে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে না পারেন, সেজন্য তার মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। বান্দ্রার মতো অভিজাত এলাকায় এমন ঘটনা তাকে নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে বলেও জানান অভিনেত্রী।
পরে মুম্বাই পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে জানায়, দুর্ঘটনার অভিযোগের কোনও সত্যতা পাওয়া যায়নি। ফুটেজে দেখা গেছে, অভিনেত্রীর গাড়ি কাউকে আঘাত করেনি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।
এএডি/