সুন্দরবনে কাঁকড়া আহরণের সময় বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামে এক জেলে নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (১৮ মে) সকাল ৭টার দিকে পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের বাটলো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান গাজী সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৯নম্বর সোরা গ্রামের বাসিন্দা।
দুপুর দেড়টার দিকে আমিনুরের মরদেহ লোকালয়ে নিয়ে আসলে- ক্ষুব্ধ এলাকাবাসী বুড়িগোয়ালিনী ফরেস্ট অফিসে হামলা করে। এ সময় বনবিভাগের ৫ জন আহত হন।
আমিনুরের সহকর্মী আহাম্মাদ আলী, সেলিম ও রমজানের বরাত দিয়ে স্থানীয়রা জানান, তারা চারজন গত ১৩ মে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে কাঁকড়া আহরণে সুন্দরবনে প্রবেশ করেন। গতকাল রোববার রাতে তারা যখন ঘুমিয়ে পড়েন, তখন তাদের নৌকা বাতাসের কারণে অভয়ারণ্য এলাকায় চলে যায়। সোমবার সকাল ৭টার দিকে সেখান থেকে ফেরার সময় বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা তাদের আটক করে। এ সময় নৌকা আটক রেখে তাদের বনের মধ্য রেখে যেতে চায় স্মার্ট পেট্রোলিং টিম। জেলেরা নৌকা না দিয়ে চলে আসার সময় নলিয়ান স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক তাদের লক্ষ করে গুলি ছোড়ে। এতে আমিনুর রহমান গুলিবিদ্ধ হন। জেলেরা তাকে উদ্ধার করে ফেরার পথে তার মৃত্যু হয়।
গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, ‘দুপুরে মরদেহ লোকালয়ে নিয়ে আসা হলে পরিবার ও গ্রামবাসীদের মাঝে শোকের মাতম শুরু হয়। ক্ষুব্ধ এলাকাবাসী বেলা সাড়ে ৩ টার দিকে ফরেস্ট অফিস ঘেরাও ও ভাঙচুর করে।’
বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, ‘এ বিষয়ে আমাদের বন বিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা এখনও কিছু জানায়নি। তবে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি।’
পশ্চিম সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, ‘বনবিভাগের কেউ গুলি চালিয়েছে, এমন তথ্য এখনও নিশ্চিত নই। ডাকাতদের গুলিতে নাকি অন্য কারোর গুলিতে মারা গেছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বনবিভাগের গুলিতে মারা গেলে কেন গুলি করা হয়েছে, সেটির জবাবদিহিতা অবশ্যই করতে হবে।’
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান দৈনিক সময়ের আলোকে বলেন, ‘বুড়িগোয়ালিনী ফরেস্ট অফিসে হামলা ভাঙচুর করেছে এলাকাবাসী। এ সময় জনতার ইটের আঘাতে ৫জন বনকর্মী আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।’
/মহু