গাইবান্ধা সদর উপজেলায় মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে সদর উপজেলার ঠাকুরেরদিঘি এলাকায় গাইবান্ধা-ধর্মপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন জেলার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ছাতনাবাড়ি এলাকার ইজিবাইক চালক ফরিদ মিয়া (৫০)। অপরজন সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের দক্ষিণ আনালেরতাড়ি গ্রামের রুস্তম আলী (৩০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গাইবান্ধা থেকে দারিয়াপুরের উদ্দেশে যাত্রা করে একটি যাত্রীবাহী ইজিবাইক। পথে ঠাকুরেরদিঘি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুস্তম আলীকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইক চালক ফরিদ মিয়াও মারা যান।
দুর্ঘটনায় গুরুতর আহত চারজন স্কুলশিক্ষককে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত অপর একজন বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গাইবান্ধা সদর থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়টি তাদের নজরে এসেছে এবং এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
/মহু