গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, দ্রুত নগরায়নের এই সময়ে পরিকল্পিত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত স্থানিক পরিকল্পনার কোনো বিকল্প নেই। তিনি বলেন, উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষা করে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বুধবার (২০ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নগর উন্নয়ন অধিদফতরে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন।
গণপূর্ত মন্ত্রী বলেন, ‘সমাপ্তির জন্য নির্ধারিত তিনটি প্রকল্পের পরিকল্পনায় কৃষিজমি সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নাগরিক সুবিধা সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং স্থানীয় অর্থনৈতিক সম্ভাবনার বিকাশকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর ফলে জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।’
প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, ‘জনবান্ধব ও উন্নত শহর গঠনে স্থানিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে এ ধরনের পরিকল্পনা করা হলেও সেগুলোর বাস্তবায়ন হয়নি। আজ যে তিনটি প্রকল্প উপস্থাপন করা হয়েছে, সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।’
/কেএইচও