ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে রাজশাহী, উত্তরবঙ্গ ও ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (২১ মে) ভোররাতে এ ঘটনা ঘটে।
সাফদারপুর স্টেশনের স্টেশন মাস্টার রিপন আলী জানান, খুলনার মোংলা বন্দর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন রাত ৩টার দিকে স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গ ও ঢাকার রেল চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে এক ঘণ্টার চেষ্টায় বগিটি উদ্ধার করা হলে সকাল ৮টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।
/এসএকে