শ্রমিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় যাত্রীদের চরম ভোগান্তি দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে চাঁদপুর বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, ওই রুটে কোনো বাস চলাচল করছে না। তবে চাঁদপুর থেকে দেশের অন্যান্য রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
বুধবার (২০ মে) রাতে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় বোগদাদ ও আইদি পরিবহনের শ্রমিকদের ওপর হামলার অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের দাবি, রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত হঠাৎ বাসে অবস্থানরত শ্রমিকদের ওপর হামলা চালায়।
এ সময় অন্তত ১৫টি বাস ভাঙচুর করা হয় এবং প্রায় ২০ জন শ্রমিক আহত করা হয়। আহতদের কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
বোগদাদ পরিবহনের সুপারভাইজারসহ শ্রমিকরা জানিয়েছেন, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।
হাজীগঞ্জ থানার ওসি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
/এসএকে