টি ট্যুরিজম : ভিন্ন পর্যটনের গল্প

প্রভা নাওয়ার

ফিচার

পৃথিবীর বহু মানুষের জীবনে চা নিত্যদিনের সঙ্গী। চা ছাড়া সকাল শুরু করার কথা যেন ভাবাই যায় না। কোটি কোটি মানুষের

2026-05-22T15:15:14+00:00
2026-05-22T15:21:34+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
ফিচার
টি ট্যুরিজম : ভিন্ন পর্যটনের গল্প
প্রভা নাওয়ার
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৩:১৫ পিএম  আপডেট: ২২.০৫.২০২৬ ৩:২১ পিএম
চা-সংস্কৃতিকে ঘিরেই জনপ্রিয় হয়ে উঠেছে ‘টি ট্যুরিজম’। গ্রাফিক : সময়ের আলো
পৃথিবীর বহু মানুষের জীবনে চা নিত্যদিনের সঙ্গী। চা ছাড়া সকাল শুরু করার কথা যেন ভাবাই যায় না। কোটি কোটি মানুষের প্রতিদিনের অভ্যাসে পরিণত হওয়া এই পানীয়টির রয়েছে দীর্ঘ ইতিহাস, সমৃদ্ধ সংস্কৃতি এবং বিস্ময়কর ভ্রমণজগত। আধুনিক সময়ে সেই চা-সংস্কৃতিকে ঘিরেই জনপ্রিয় হয়ে উঠেছে ‘টি ট্যুরিজম’।

চায়ের উৎপত্তি নিয়ে একাধিক গল্প প্রচলিত। তবে, সবচেয়ে প্রচলিত গল্পটি প্রাচীন চীনের। প্রায় পাঁচ হাজার বছর আগের কথা। শেনং নামের এক চীনা সম্রাট গরম পানি পান করার সময় হঠাৎ কিছু বুনো চা-পাতা পানিতে পড়ে যায়। সেই পানীয় পান করে তিনি নতুন স্বাদ ও সতেজতা অনুভব করেন। সেখান থেকেই চায়ের যাত্রা শুরু বলে মনে করা হয়। প্রথমদিকে চা মূলত ভেষজ পানীয় হিসেবে ব্যবহৃত হতো। পরে ধীরে ধীরে এটি চীনের সংস্কৃতি, আচার এবং সামাজিক জীবনের অংশ হয়ে ওঠে।

লাও শে টি হাউস।

লাও শে টি হাউস।


পুরনো চীনে ‘টি স্টল থিয়েটার’ বেশ বিখ্যাত ছিলো। একে ‘টি হাউস থিয়েটার’ বা ‘টি-হাউস পারফরমেন্স কালচার’ও বলা হয়। এসব জায়গায় মানুষ চা খেতে খেতে নাটক, সংগীত, গল্প বলা, অপেরা বা কৌতুক উপভোগ করত। মিং ও চিং রাজবংশের সময় (প্রায় ১৪শ–২০শ শতক) টি-হাউস ছিল চীনের সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ব্যবসায়ী, শ্রমিক, সাহিত্যিক— সবাই এখানে জড়ো হতো। আজও কিছু টি-হাউস থিয়েটার টিকে আছে। যেমন ‘লাও শে টি হাউস’ — যেখানে এখনও ঐতিহ্যবাহী পরিবেশনায় দর্শকরা চা পান করতে করতে অনুষ্ঠান উপভোগ করেন।



চীন থেকে চা ছড়িয়ে পড়ে জাপান, কোরিয়া এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে। পরবর্তীকালে ইউরোপে চায়ের আগমন ঘটে বাণিজ্যের মাধ্যমে। একসময় তা ইউরোপীয় সমাজের অভিজাত সংস্কৃতির অংশে পরিণত হয়। বিশেষ করে জাপানে চা পানকে ঘিরে তৈরি হয় ঐতিহ্যবাহী ‘টি সেরিমনি’, যা শুধু পানীয় গ্রহণ নয়, বরং ধ্যান, শৃঙ্খলা ও নান্দনিকতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে, ইংল্যান্ডে ‘আফটারনুন টি’ সামাজিক রীতির অংশ। মূলত ব্রিটিশদের হাত ধরে চা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত ও শ্রীলঙ্কায় বাণিজ্যিকভাবে চা চাষ শুরু করে। এতে পাহাড়ি অঞ্চলের বিস্তীর্ণ জমি ধীরে ধীরে সবুজ চা-বাগানে রূপ নেয়।

সা জায়গাতেই চায়ের আলাদা আবেদন রয়েছে।

সা জায়গাতেই চায়ের আলাদা আবেদন রয়েছে।


বাংলাদেশেও চায়ের ইতিহাস বেশ পুরনো। উনিশ শতকের মাঝামাঝি সময়ে সিলেট অঞ্চলে বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়। মালনীছড়া বাংলাদেশের প্রাচীনতম চা-বাগান হিসেবে পরিচিত। বর্তমানে মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, পঞ্চগড়, চট্টগ্রাম প্রভৃতি স্থানে চা চাষ করা হয়। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলকে বাংলাদেশের ‘চায়ের রাজধানী’ বলা হয়। এখানকার বিস্তীর্ণ সবুজ চা-বাগান, পাহাড়ি প্রকৃতি ও শান্ত পরিবেশ পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ।

চা শুধু স্বাদের জন্য জনপ্রিয় নয়, এটি একটি সংস্কৃতিরও প্রতীক। বাংলাদেশে চায়ের দোকানকে ঘিরে গড়ে ওঠে আড্ডা, আলোচনা ও দৈনন্দিন জীবনের গল্প। গ্রামের ছোট টঙ দোকান থেকে শুরু করে আধুনিক ক্যাফে— সব জায়গাতেই চায়ের আলাদা আবেদন রয়েছে। এই চা-সংস্কৃতিকে কেন্দ্র করেই বর্তমানে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে ‘টি ট্যুরিজম’। এটি এমন এক ধরনের ভ্রমণ, যেখানে পর্যটকরা চা-কারখানা পরিদর্শন করেন, পাতা সংগ্রহ থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত পুরো যাত্রা দেখতে পারেন। অনেক জায়গায় নিজ হাতে চা-পাতা তোলার সুযোগও থাকে। এ ছাড়া স্থানীয় সংস্কৃতি অর্থাৎ চা-বাগান ঘিরে গড়ে ওঠা শ্রমিক জনগোষ্ঠীর জীবনযাপন, গান, নৃত্য ও সংস্কৃতি পর্যটকদের আলাদা আকর্ষণ তৈরি করে। অনেক টি রিসোর্টে হারবাল টি, অর্গানিক খাবার এবং প্রকৃতিনির্ভর অবকাশের ব্যবস্থা থাকে, যা `ওয়েলনেস ট্যুরিজমের’ অংশ হয়ে উঠছে।

অনেক জায়গায় নিজ হাতে চা-পাতা তোলার সুযোগও থাকে।

অনেক জায়গায় নিজ হাতে চা-পাতা তোলার সুযোগও থাকে।


বিশ্বের বিভিন্ন দেশে টি ট্যুরিজম এখন গুরুত্বপূর্ণ পর্যটন খাতে পরিণত হয়েছে। ভারতের দার্জিলিং, শ্রীলঙ্কার নুয়ারা এলিয়া এবং চীনের হাংঝু চা-ভিত্তিক পর্যটনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এসব অঞ্চলে পর্যটকেরা শুধু চা-বাগানই দেখেন না, বরং চায়ের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকেও অনুভব করেন। দার্জিলিংয়ে যেমন মেঘে ঢাকা পাহাড়ে দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিলে অন্যরকম ভালোলাগা ছুঁয়ে যায়, তেমনই নুয়ারা এলিয়ার চা-বাগান ও ঔপনিবেশিক স্থাপত্য পর্যটকদের মুগ্ধ করে। এ জায়গাটিকে বলা হয় ‘লিটল ইংল্যান্ড’। অন্যদিকে, হাংঝু বিখ্যাত ‘লংজিং টি’র জন্য পরিচিত। এখানে চা-সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের অসাধারণ সমন্বয় দেখা যায়। বাংলাদেশেও টি ট্যুরিজমের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। শ্রীমঙ্গলের চা-বাগান, পাহাড় ও লেক পর্যটকদের মুগ্ধ করে। সেখানে গিয়ে তারা প্রকৃতির সান্নিধ্যে থাকার পাশাপাশি চা-পাতা সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের অভিজ্ঞতাও অর্জন করছেন।

টি ট্যুরিজম স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

টি ট্যুরিজম স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


টি ট্যুরিজম স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পর্যটকদের আগমনের ফলে হোটেল, রিসোর্ট, পরিবহন, স্থানীয় খাবার ও হস্তশিল্পের ব্যবসা প্রসার লাভ করছে। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হচ্ছে। তবে, পর্যটনের বিস্তারের সঙ্গে পরিবেশ সংরক্ষণের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চা-বাগানের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষা করতে হলে, টেকসই পর্যটন ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

এক কাপ চায়ের ভেতর মিশে থাকে মানবসভ্যতার দীর্ঘযাত্রার গল্প। সেই গল্পকেই কাছ থেকে অনুভব করার সুযোগ এনে দেয় টি ট্যুরিজম। তাই সময়ের সঙ্গে সঙ্গে ভিন্ন এই পর্যটন জনপ্রিয়তা লাভ করছে।

/মহু



  বিষয়:   টি  ট্যুরিজম  চা  ভ্রমণ  পর্যটন 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: