বরিশালের উজিরপুর উপজেলায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ ঘটনায় এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) দুপুরে উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন, শামীম মোল্লা, মুনসুর মোল্লা, আলাউদ্দিন ও আরিফ মোল্লা। তাদের বাড়ি উপজেলার হানুয়া এলাকায়।
পুলিশ জানিয়েছে, বরিশাল জেলা ডিবির সাত সদস্যের একটি দল খেয়াঘাট এলাকায় মাদক উদ্ধার অভিযান চালায়। এ সময় অভিযানে বাধা দেওয়াকে কেন্দ্র করে ডিবি সদস্যদের সঙ্গে কয়েকজনের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত কনস্টেবল মৃণালকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
/এসএকে