কুষ্টিয়ার খোকসা উপজেলায় অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০-২৫ জন।
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বেলা আড়াইটা পর্যন্ত ৫ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে। চিকিৎসকরা বলছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে আসছিল। পথিমধ্যে খোকসা শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের উপক্রম হয়। পরে ভ্যানটিকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে উক্ত হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি উদ্ধারে পুলিশ কাজ করছে। ঘটনার পর চালক ও সহকারী পলাতক রয়েছে। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনের মরদেহ রয়েছে। আহত ২০ জনকে চিকিৎসার জন্য আনা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
/মহু