কক্সবাজার টেকনাফের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার জাল নোট তৈরির মেশিনসহ দুই যুবকে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদস্যরা। এ সময় জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
রোববার (২৪ মে) বিকালে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ২ বিজিবি।
আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাজমুল (২৮), শাল বাগান রোহিঙ্গা ক্যাম্পের আজিজুর রহমান (৩০)।
টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবির) উপ-অধিনায়ক মেজর মুবাশ্বির নাকীব জানান, কোরবানির ঈদকে সামনে রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি বাড়িতে জাল নোট তৈরি করছে এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেন বিজিবি। দুপুরের দিকে তাদের আস্তানায় অভিযান চালিয়ে কোটি টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ তাদের আটক করা হয়। নাজমুল ফেরিওয়ালা ছদ্মবেশে ওই ব্যবসা করত বলে জানিয়েছেন বিজিবি।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের হাতেনাতে নগদ আট হাজার আসল টাকা, কম্পিউটার, ল্যাপটপ, টাকা তৈরির প্রিন্ট মেশিন ও কাগজ পত্র উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
সময়ের আলো/জোই