টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার সব ব্যয়ভার সরকার বহন করবে বলে জানিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানেন। পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলা প্রশাসক বলেন, টাঙ্গাইলের কালিহাতীতে সংঘটিত সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি চারজন আহত ব্যক্তি শঙ্কামুক্ত রয়েছেন।
তিনি আরও বলেন, আহতদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা ঘাটতি না রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসার প্রয়োজনীয় সব ব্যয় সরকার বহন করবে।
এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামসহ বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার নোয়াখালী থেকে রডবোঝাই ট্রাকে চড়ে ফেরার পথে টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। আহত হন আরও কয়েকজন। নিহত ও আহতদের অধিকাংশের বাড়ি রাজশাহীর নওগাঁ জেলায়।
/এসএকে