প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৪২ এএম
নামফলক থেকে শহিদ মুক্তিযোদ্ধাদের নাম মুছে দিল দুর্বৃত্তরাকুড়িগ্রামের রৌমারী কেন্দ্রীয় শহিদ মিনারের পাশে স্থাপিত নামফলক থেকে শহিদ মুক্তিযোদ্ধাদের নাম রং দিয়ে মুছে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাতে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রৌমারী উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারের পাশে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে নিহত ৯ জন শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে একটি নামফলক স্থাপন করা হয়। ওই নামফলকে শহিদ মুক্তিযোদ্ধাদের নাম লেখা ছিল। দুর্বৃত্তরা রাতের আঁধারে নামফলকের ওপর রং লাগিয়ে নামগুলো ঢেকে দেয়। এতে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত নামফলকের লেখাগুলো আর স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের চেয়ারম্যান ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেন, স্বাধীনতার ৫৫ বছর পর শহিদ মুক্তিযোদ্ধাদের নাম এবং মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণকেন্দ্রের গুলির দাগ মুছে ফেলার ঘটনা এ জাতির জন্য কলঙ্কজনক। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই