প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:৫৩ এএম
রাকিবুল হাসান রাকিব। ছবি : সংগৃহীতবগুড়ার ধুনটে মাদক কেনার টাকা না পেয়ে মা-বাবাকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে রাকিবুল হাসান রাকিব (২৫) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রাকিবুল উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহরী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবুল দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকে আসক্ত। তাকে মাদকাসক্তি থেকে ফেরাতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন চেষ্টা করা হলেও কোনো সুফল মেলেনি। প্রায়ই মাদক কেনার জন্য মা-বাবার কাছে টাকা চাইতেন তিনি। টাকা না পেয়ে তিনদিন আগে তাদের মারধর করেন বলেও অভিযোগ রয়েছে।
সময়ের আলো/জোই