আসন্ন ঈদুল আজহায় দেশজুড়ে প্রায় ১ কোটি পশু কোরবানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিনুর রশিদ। আজ মঙ্গলবার (২৬ মে) সকালে কুমিল্লা মহানগরীর নেউরা কোরবানির পশুর হাট পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
কোরবানির ঈদকে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতিতে যে বড় ধরনের জোয়ার আসে, তার সুফল দেশের সাধারণ মানুষ সরাসরি ভোগ করে বলেও তিনি মন্তব্য করেন।
পরিদর্শন শেষে প্রাণিসম্পদমন্ত্রী জানান, বিগত বছরগুলোর তুলনায় এবারের কোরবানির পশুর বাজার অনেক বেশি নিরাপদ ও সুশৃঙ্খল। প্রান্তিক খামারি থেকে শুরু করে সাধারণ ক্রেতারা যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পশু কেনা-বেচা করতে পারেন, সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত দেশের কোথাও থেকে কোনো অনিয়ম বা নিরাপত্তার অভাবের অভিযোগ আসেনি। একই সাথে সীমান্তে কঠোর নজরদারির কারণে এবারের বাজারে চোরাই পথে আসা কোনো পশুর উপস্থিতিও চোখে পড়েনি।
পশুর হাটের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী আরও বলেন, প্রতিটি হাটে পশুর স্বাস্থ্য সুরক্ষায় ভেটেরেনারি মেডিকেল টিম কাজ করছে। পাশাপাশি হাটে জাল টাকা শনাক্তকরণ এবং যে-কোনো ধরনের চাঁদাবাজি রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে।
হাট পরিদর্শনকালে মন্ত্রীর সাথে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শামসুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জেডি