পবিত্র হজ শুধু ইবাদতেরই নয়, মানবতারও এক মহাসম্মিলন। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো মানুষের ভিড়ে কখনও কখনও ভাষা, দেশ কিংবা পরিচয়ের দেয়াল হারিয়ে যায়। তখন মানুষ মানুষের পাশে দাঁড়ায়—শুধু মানবিকতার টানে।
এবার পবিত্র আরাফার ময়দানে তেমনই এক হৃদয়ছোঁয়া ঘটনার জন্ম দিলো বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের হজ আইটি টিম।
মঙ্গলবার (২৬ মে) ফজরের নামাজের পর আরাফার বিস্তীর্ণ প্রান্তরে ক্লান্ত ও দিশেহারা অবস্থায় বসে থাকতে দেখা যায় ৭ জন ভারতীয় হজযাত্রীকে। তাদের মধ্যে ছিলেন ৩ জন নারী ও ৪ জন পুরুষ। ভারতীয় একটি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরবে এলেও মিনার প্রচণ্ড ভিড়ের মধ্যে নিজেদের দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তারা।
রাতভর খোলা আকাশের নিচে কাটানোর পরও খুঁজে পাচ্ছিলেন না নিজেদের তাঁবুর অবস্থান। সঙ্গে থাকা এজেন্সি প্রতিনিধির মোবাইল ফোনে চার্জ না থাকায় যোগাযোগের পথও হয়ে পড়ে বন্ধ। ক্লান্তি, উৎকণ্ঠা আর অনিশ্চয়তায় তারা তখন অসহায়।
ঠিক সেই সময় তাদের দিকে এগিয়ে যান বাংলাদেশের হজ আইটি টিমের একজন সদস্য। ভাষা আলাদা, দেশ আলাদা—তবু বিপদে মানুষের ভাষা এক। পরিস্থিতি বুঝে প্রযুক্তির সহায়তায় শুরু হয় সমাধানের চেষ্টা।
হোয়াটসঅ্যাপ লোকেশন ট্র্যাকিং লিংকের মাধ্যমে শনাক্ত করা হয় তাদের বর্তমান অবস্থান। এরপর ডিজিটাল ম্যাপ ব্যবহার করে ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হয় কীভাবে নিজেদের তাঁবুতে ফিরে যেতে পারবেন তারা।
কিছুক্ষণের মধ্যেই স্বস্তি ফিরে আসে ভারতীয় হজযাত্রীদের মুখে। অনিশ্চয়তা কাটিয়ে নিরাপদে গন্তব্যে ফেরার পথ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। কৃতজ্ঞতা জানান বাংলাদেশের হজ আইটি টিমকে।
পবিত্র হজের এই মহাসমুদ্রে বাংলাদেশের এমন মানবিক ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ আবারও মনে করিয়ে দিল—সীমানা ভিন্ন হলেও মানবতা সবার আগে।
হজযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা
আরাফা ও মিনার তাঁবু এলাকা অত্যন্ত বিস্তৃত এবং প্রায় একই রকম হওয়ায় সহজেই পথ হারানোর ঝুঁকি থাকে। কিন্তু যদি হজযাত্রীরা গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ মেনে চলেন, তাহলে এমন ভোগান্তি এড়ানো সম্ভব।
১. হজের সময় যোগাযোগের জন্য মোবাইল খুবই গুরুত্বপূর্ণ। তাই বের হওয়ার আগে ফোন শতভাগ চার্জ করে নিন এবং সঙ্গে পাওয়ার ব্যাংক রাখুন।
২. মিনা, আরাফা ও মুজদালিফায় চলাচলের সময় সবসময় নিজের দলের সঙ্গে থাকুন। বিশেষ করে নারী ও বয়স্কদের ক্ষেত্রে বেশি সতর্ক থাকুন।
৩. মোবাইলে লাইভ লোকেশন শেয়ার ও ডিজিটাল ম্যাপ ব্যবহার আগে থেকেই শিখে নিন, যাতে প্রয়োজনে সহজে পথ খুঁজে পাওয়া যায়।
/এসএকে