আসন্ন সেপ্টেম্বর মাসের পরিবর্তে পরিমার্জিত সময়সূচি অনুযায়ী আগামী নভেম্বর মাসে পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে এবং এই আসরের স্বাগতিক হিসেবে থাকবে বাংলাদেশ। ফুটবলাঙ্গনে বহুল প্রতীক্ষিত এই টুর্নামেন্টের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
ভারতের গোয়ায় চলমান নারী সাফ চ্যাম্পিয়নশিপের মাঝেই সাফের সাধারণ সম্পাদক পুরুষত্তোম ক্যাটেল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিন-চার দিন পর সাফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তবে নভেম্বরে যে পুরুষ সাফ অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ এই আসরের স্বাগতিক থাকবে তা নিশ্চিত। সাফের সাতটি দেশই ওই সময়ে টুর্নামেন্টে খেলার জন্য ইতোমধ্যে সম্মতি প্রদান করেছে।
পুরুষত্তোম ক্যাটেল আরও জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) স্বাগতিক হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। এবারের আসরটি দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে এবং সেই দুই ভেন্যু কোনগুলো হবে, তা আগামী কয়েক দিনের মধ্যে নির্ধারণ করা হবে।
আগামী ৯ থেকে ১৭ নভেম্বর ফিফা উইন্ডো খুব সংক্ষিপ্ত হওয়ায় এবং সাফ টুর্নামেন্ট আয়োজনে কমপক্ষে ১০ থেকে ১২ দিন সময় প্রয়োজন হওয়ায় ভিন্ন পরিকল্পনা করা হচ্ছে। সাফ সাধারণ সম্পাদক ফিফা উইন্ডোর আগেই খেলা শুরু করতে চান।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও পাকিস্তানসহ কয়েকটি দেশে প্রবাসী ও দ্বৈত নাগরিক ফুটবলার রয়েছেন, যারা দক্ষিণ এশিয়ার বাইরে বিভিন্ন লিগে খেলেন। এই কারণে উইন্ডোর আগেই খেলা শুরু করা হবে যেন গুরুত্বপূর্ণ ম্যাচগুলো তারা দেশের হয়ে অংশ নিতে পারেন।
এর আগে ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত একটি বড় উইন্ডো থাকলেও ওই সময়ে ভারত ‘আসিয়ান’ টুর্নামেন্টে খেলবে বিধায় সাফ পিছিয়ে দেওয়া হয়েছে। ক্যাটেল আরও জানান, সাফ আয়োজনের অন্যতম প্রধান বাধা ছিল স্পন্সর সংকট, তবে বর্তমান প্রেক্ষাপটে সেই সমস্যারও স্থায়ী সমাধান হয়েছে।
সময়ের আলো/টিএইচ