ঈদুল আজহা উপলক্ষে এবং বছরের অন্যান্য সময়ে পর্যটন নগরী বান্দরবানে আগত পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ৪টি বিশেষ নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। বান্দরবান সোমবার (২৫ মে) জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌসের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে।
প্রথম নির্দেশনায় বলা হয়েছে, বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন শেষে পর্যটকদের অবশ্যই সন্ধ্যার আগেই জেলা ও উপজেলা সদর বা শহর এলাকায় প্রত্যাবর্তন করতে হবে। কোনো ধরনের ঝুঁকি এড়াতে এই সময়সীমা মেনে চলার অনুরোধ করা হয়েছে।
দ্বিতীয় ও তৃতীয় নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, অনুমোদনবিহীন কোনো পর্যটন স্পট বা নির্ধারিত অনুমতি ছাড়া কোনো রুটে পর্যটকেরা যাতে ভ্রমণ করতে না পারেন, সে বিষয়ে ট্যুর গাইড ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে প্রচলিত বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় অনুমতি ছাড়া কোনো বিদেশি নাগরিক যাতে ভ্রমণ করতে না পারেন, সেই বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে।
চতুর্থ নির্দেশনায় বলা হয়েছে, পর্যটকদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ভ্রমণকালীন সময়ে সন্দেহজনক কোনো বিষয় পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
পাহাড়ের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বর্তমান বর্ষা মৌসুমকে বিবেচনা করে পর্যটকদের ভ্রমণ নিরাপদ রাখতেই জেলা ও উপজেলা প্রশাসন বিভিন্ন সময়ে এই ধরনের সতর্কতামূলক নির্দেশনা দিয়ে থাকে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সময়ের আলো/টিএইচ