লেবাননে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি চুক্তি থাকার পরও লেবাননে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। মঙ্গলবার (২৬ মে) দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন

2026-05-27T10:26:14+00:00
2026-05-27T10:26:14+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
লেবাননে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ১০:২৬ এএম 
সংগৃহীত ছবি
যুদ্ধবিরতি চুক্তি থাকার পরও লেবাননে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। মঙ্গলবার (২৬ মে) দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মঙ্গলবারের হামলায় নিহতদের মধ্যে অন্তত চারজন শিশু এবং তিনজন নারী রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৪০ জন। এর মধ্যে টায়ার শহরের কাছাকাছি বুর্জ আল-শামালি এলাকায় এক হামলাতেই ১৪ জন প্রাণ হারিয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এলাকা খালি করার সতর্কতা জারির পর দক্ষিণ লেবাননের কৌশলগত শহর নাবাতিয়ায় দফায় দফায় বিমান হামলা চালানো হয়েছে। এএফপির একজন সংবাদদাতা জানান, সতর্কবার্তার পরপরই নাবাতিয়া শহরের বিভিন্ন স্থান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, একটি বিমান হামলা স্থানীয় একটি সরকারি হাসপাতালের কাছাকাছি আঘাত হানে। এতে হাসপাতালের বিভিন্ন বিভাগের ‘ব্যাপক ক্ষতি’ হয়েছে। মঙ্গলবার নাবাতিয়াসহ দক্ষিণ ও পূর্ব লেবাননের অন্তত ৫০টি শহর ও গ্রামের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে উত্তর দিকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক কর্মকর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তাদের স্থল সেনারা ইতিমধ্যে দক্ষিণ লেবাননের প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) ভেতরে ‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখা অতিক্রম করে অভিযান শুরু করেছে।

অন্যদিকে, হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা নাবাতিয়া শহরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টাকারী ইসরায়েলি সেনাদের প্রতিহত করেছে। সংগঠনটি দাবি করেছে, মঙ্গলবার ভোরে ভারী কামান ও বিমান হামলার সহায়তায় জাওতার আল-শারকিয়াহ শহরের দিকে এগোতে থাকা একটি ইসরায়েলি দলকে তারা রুখে দিয়েছে এবং ড্রোন ও রকেট হামলা চালিয়ে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়েছে। এছাড়া লেবাননের পূর্বাঞ্চলে লিটানি নদীর ওপর অবস্থিত দেশের বৃহত্তম ‘কারাউন বাঁধের’ কাছাকাছি বেশ কয়েকটি ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়েছে। 

এ ঘটনার পর লিটানি নদী কর্তৃপক্ষ এক জরুরি বিবৃতিতে সতর্ক করে জানিয়েছে, কারাউন বাঁধ বা এর কোনো স্থাপনায় প্রত্যক্ষ বা পরোক্ষ হামলা চালানো হলে তা ভাটির এলাকার বাসিন্দা, অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ স্থাপনার জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে। এই সংকট এড়াতে আন্তর্জাতিক ও কূটনৈতিক পর্যায়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য লেবানন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব লেবাননের মাশঘারা শহরে রোববারের হামলায় নিহত বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে দুটি শিশু ও একজন নারী রয়েছেন। এছাড়া দক্ষিণ লেবাননের স্রিফা এলাকায় হামলায় আমাল আন্দোলনের সঙ্গে যুক্ত ‘রিসালা স্কাউটস’-এর এক উদ্ধারকর্মী নিহত হয়েছেন। এর ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে নিহত উদ্ধারকর্মীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে।

গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র ফারহান হক মঙ্গলবার জানান, সোমবার জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনী (ইউনিফিল) লেবাননের আকাশে ৯১ বার আকাশসীমা লঙ্ঘনের ঘটনা শনাক্ত করেছে, যা যুদ্ধবিরতির পর সর্বোচ্চ। এছাড়া ইসরায়েলি বাহিনীর ৩৯৯ বার গোলাবর্ষণ এবং হিজবুল্লাহর পক্ষ থেকে ১১টি রকেট নিক্ষেপের ঘটনা রেকর্ড করা হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার পুনর্ব্যক্ত করে বলেছেন, ইসরায়েল লেবাননে তার কার্যক্রম আরও ‘তীব্র’ করছে। উত্তর ইসরায়েলের সম্প্রদায়গুলোকে রক্ষা করার জন্য আমরা একটি নিরাপত্তা বাফার জোন শক্তিশালী করছি।

লেবানন কর্তৃপক্ষের তথ্যমতে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই নতুন দফার ইসরায়েলি হামলায় লেবাননে এ পর্যন্ত ৩,১০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন।


/কহু


  বিষয়:   ইসরায়েল  লেবানন  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: