দক্ষিণ লেবাননের টাইর জেলাধীন দেইর আমাস এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
স্থানীয় সূত্র ও জাতীয় সংবাদ সংস্থা জানায়, একই সময়ে দক্ষিণাঞ্চলের ব্রাইকাআ এলাকায়ও একাধিক বিমান হামলা চালানো হয়। এতে অন্তত দুটি বাড়ি ধ্বংস হয়ে যায়।
এই হামলা এমন এক সময় হলো, যখন ওই অঞ্চলে মুসলিমরা ঈদুল আজহা উদযাপন করছিলেন।
এর আগের দিনই দক্ষিণ ও পূর্ব লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ৪০ জন আহত হন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল। ধারাবাহিক এসব হামলায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের একাধিক শহর ও গ্রামে নতুন করে সরিয়ে যাওয়ার নির্দেশও জারি করেছে। নাগরিকদের নির্দিষ্ট এলাকা ছেড়ে যাওয়ার জন্য বলা হয়েছে, যাতে পরবর্তী হামলা থেকে তারা নিরাপদ থাকতে পারেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, দক্ষিণ লেবাননে একটি বড় স্থল অভিযান চালানো হচ্ছে এবং কিছু কৌশলগত এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে।
অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ৩০টিরও বেশি অভিযান চালিয়েছে, যার মধ্যে রকেট, আর্টিলারি ও ড্রোন হামলাও রয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলমান সংঘাতে মার্চ থেকে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ হতাহত হয়েছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র : আল-জাজিরা
/ইউএমএইচ