বিয়ে কোনও সেবাদানের চুক্তি নয় : ভারতীয় হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দাম্পত্য জীবনে কোনো নারীর রান্না করতে না পারা বা ঘরবাড়ি পরিষ্কার করতে না পারাকে ‘নির্যাতন’ হিসেবে গণ্য করা যাবে না

2026-05-27T20:39:17+00:00
2026-05-27T20:41:54+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বিয়ে কোনও সেবাদানের চুক্তি নয় : ভারতীয় হাইকোর্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৮:৩৯ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৬ ৮:৪১ পিএম
প্রতীকী ছবি
দাম্পত্য জীবনে কোনো নারীর রান্না করতে না পারা বা ঘরবাড়ি পরিষ্কার করতে না পারাকে ‘নির্যাতন’ হিসেবে গণ্য করা যাবে না বলে ঐতিহাসিক এক রায় দিয়েছেন ভারতের বোম্বে হাইকোর্ট। লিঙ্গভিত্তিক সনাতন ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করে উচ্চ আদালত স্পষ্টভাবে জানিয়েছেন, বিয়ে হলো সমমর্যাদার অংশীদারিত্ব।

বিচারপতি ভারতী ডাংরে এবং বিচারপতি মঞ্জুষা দেশপান্ডের সমন্বয়ে গঠিত বোম্বে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ একটি বিবাহবিচ্ছেদের আবেদন সম্পূর্ণ খারিজ করে এই যুগান্তকারী রায় ঘোষণা করেন। আদালত বলেন, বিয়ে কোনো সেবাদানের চুক্তি বা কর্মসংস্থানের চুক্তি নয় এবং স্ত্রীদের গৃহকর্মী হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই। আদালত আরও উল্লেখ করেন যে, স্ত্রীর প্রতিদিনের গৃহস্থালি কাজকর্ম করতে অস্বীকৃতি জানানো কোনোভাবেই ‘মানসিক নির্যাতনের’ আওতার মধ্যে পড়ে না।

আদালত রায়ে উল্লেখ করেন, গৃহস্থালি কাজ যেমন রান্না করা বা ঘর পরিষ্কার করার ক্ষেত্রে স্ত্রীর অক্ষমতাকে এককভাবে বা স্বামীর নিজের মতো করে নির্যাতন হিসেবে ব্যাখ্যা করা যাবে না। এই রায়ের মাধ্যমে ২০১০ সালে বান্দ্রা ফ্যামিলি কোর্টের দেওয়া বিবাহবিচ্ছেদের ডিক্রি এবং স্ত্রীকে ভরণপোষণ না দেওয়ার পূর্ববর্তী সিদ্ধান্ত বাতিল করেন হাইকোর্ট।

তদন্তে দেখা যায়, একটি ‘আর্ট অ্যান্ড ক্রাফট’ ক্লাসের বিজ্ঞাপন প্রকাশ করাকে ভিত্তি করে ফ্যামিলি কোর্ট স্ত্রীকে ভরণপোষণ থেকে অন্যায়ভাবে বঞ্চিত করেছিল। তবে এই ক্ষুদ্র কাজ থেকে তিনি নিয়মিত বা উল্লেখযোগ্য কোনো আয় করতেন এমন কোনো প্রমাণ মেলেনি বলে উচ্চ আদালতের বিচারকরা মন্তব্য করেন। রায়ে বলা হয়, স্বামী একজন প্রতিষ্ঠিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ‘সিএ’ এবং পেশাগতভাবে স্ত্রীর খরচ বহনে পুরোপুরি সক্ষম। ফলে স্ত্রীকে প্রতি মাসে ১০ হাজার রুপি ভরণপোষণ এবং আলাদা করে ১০ হাজার রুপি বাসস্থানের জন্য দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার বিবরণ ও আন্তর্জাতিক ডেক্সের তথ্য অনুযায়ী, ২০০২ সালে ওই দম্পতির বিয়ে হয়। স্বামীর অভিযোগ ছিল, বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে বিরোধ শুরু হয় এবং কয়েক মাসের মধ্যে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। পরবর্তীতে ২০০৪ সালে স্বামী নির্যাতনের অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। তিনি দাবি করেন, স্ত্রী গৃহস্থালি কাজ করতেন না, তার বাবা-মায়ের কথা মানতেন না, রান্না জানতেন না এবং রূঢ় আচরণ করতেন, যা তাকে প্রচণ্ড মানসিক চাপে ফেলেছিল।

তবে স্ত্রী তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পাল্টা দাবি করেন যে, তাকে জোর করে বাসার সব কাজ করানো হতো, যার মধ্যে বাসন মাজা, কাপড় ধোয়া, রান্না ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও অন্তর্ভুক্ত ছিল। এমনকি তাকে বাসার বেঁচে যাওয়া খাবার খেতে বাধ্য করা হতো বলেও তিনি আদালতের কাছে আরজি জানান। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বোম্বে হাইকোর্ট স্ত্রীর অধিকারের পক্ষে এই রায় প্রদান করেন।

সূত্র: এনডিটিভি

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: