পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের ফুটবলপ্রেমী ও সাধারণ মানুষকে বিশেষ ঈদের শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। সাড়ে তিন বছর আগে কাতার বিশ্বকাপে বাংলাদেশের মানুষের প্রাণঢালা সমর্থনে অভিভূত হওয়ার পর থেকেই আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে এ দেশের মানুষের যে অন্যরকম এক সুদৃঢ় সম্পর্ক তৈরি হয়েছে, তারই ধারাবাহিকতায় এই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে।
বুধবার (২৭ মে) আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ভেরিফায়েড ফেসবুক পেজে লিওনেল মেসি ও এমিলিয়ানো মার্তিনেজদের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়। টানা দুইবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা ঈদের আগের দিন বাংলাদেশের ভক্তদের উদ্দেশ্যে একটি বিশেষ ভিডিও বার্তা প্রকাশ করে।
প্রকাশিত ওই ভিডিও বার্তায় আর্জেন্টিনার তারকা ফুটবলার রদ্রিগো ডি পল, জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, এনজো ফার্নান্দেজ এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে স্পষ্ট উচ্চারণে ‘ঈদ মোবারক’ বলতে শোনা গেছে। কয়েক সেকেন্ডের এই ভিডিওটির ক্যাপশনে তারা লিখেছেন, ‘আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের সব মানুষকে ঈদ মোবারক। ঈদুল আজহা প্রত্যেক পরিবারে শান্তি, সুখ ও অফুরন্ত বরকত বয়ে আনুক।’
তবে ভিডিওটি গভীরভাবে বিশ্লেষণ করে দেখা গেছে, এতে মেসি ও এনজোদের সরাসরি উপস্থিতির পরিবর্তে তাদের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ সংস্করণ ব্যবহার করা হয়েছে। ভিডিওতে দৃশ্যমান মানুষগুলো কৃত্রিম উপায়ে তৈরি হলেও বাংলাদেশের মানুষের প্রতি আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের এই ঈদের আন্তরিক শুভেচ্ছা বার্তাটি ছিল একদম খাঁটি ও সৌহার্দ্যপূর্ণ।
সময়ের আলো/টিএইচ