মধ্যপ্রাচ্যের চলমান তীব্র সামরিক উত্তেজনার পারদ এবার স্পর্শ করল কুয়েতকেও। বৃহস্পতিবার (২৮ মে) ভোরে কুয়েতের আকাশসীমা লক্ষ্য করে ধেয়ে আসা একঝাঁক শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক বোঝাই ড্রোন সফলভাবে প্রতিহত ও ভূপাতিত করেছে দেশটির সামরিক বাহিনীর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
কুয়েত সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক জরুরি বিবৃতিতে এই হামলার খবর নিশ্চিত করে জানিয়েছে, আজ ভোরের দিকে কুয়েতের আকাশসীমা ভেদ করার উদ্দেশ্যে একযোগে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন বিমান (ড্রোন) নিক্ষেপ করা হয়। তবে কুয়েতি এয়ার ডিফেন্স সিস্টেম তৎক্ষণাৎ সক্রিয় হয়ে উঠে এই হামলা নস্যাৎ করে দেয় এবং শত্রুযানগুলোকে আকাশের বুকেই ধ্বংস করতে সক্ষম হয়।
বিবৃতিতে সামরিক বাহিনী আরও স্পষ্ট করেছে, আজ ভোরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তা মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল ইন্টারসেপশন বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করারই আওয়াজ। এতে আতঙ্কিত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
এই আকস্মিক হামলার পর কুয়েতি কর্তৃপক্ষের পক্ষ থেকে দেশের নাগরিক ও প্রবাসী বাসিন্দাদের অত্যন্ত সতর্ক থাকার এবং সরকারি নিরাপত্তা সংস্থাগুলো থেকে জারিকৃত সকল ধরনের নিরাপত্তা নির্দেশনা ও সতর্কতা কঠোরভাবে মেনে চলার অনুরোধ করা হয়েছে।
গলফ নিউজে বলা হয়, প্রাথমিকভাবে এই হামলায় কুয়েতের অভ্যন্তরে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন-ইরান চলমান সংঘাতের মধ্যেই কুয়েতের মতো একটি শান্ত রাষ্ট্রে এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা পুরো মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। ঠিক কোথা থেকে এবং কার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছিল, তা এখনো তদন্তাধীন রয়েছে বলে কুয়েতি সামরিক সূত্রগুলো জানিয়েছে।
/কহু