সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৩১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। বার্ধক্যজনিত অসুস্থতা, হৃদরোগ এবং হঠাৎ সৃষ্ট বিভিন্ন শারীরিক জটিলতায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৮ মে) প্রকাশিত নিয়মিত হজ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়। সর্বশেষ মারা যাওয়া হজযাত্রী হলেন বগুড়া সদরের মো. আ. করিম (৭৪)। মক্কায় স্বাভাবিকভাবে তিনি মৃত্যুবরণ করেন।
হজ বুলেটিন অনুযায়ী, মৃত ৩১ জনের মধ্যে ২২ জন পুরুষ ও ৯ জন নারী। চলতি বছরের ২১ এপ্রিল প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর ঘটনা ঘটে। এরপর মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মৃত্যুর সংখ্যা কিছুটা বাড়তে শুরু করে। সর্বশেষ বৃহস্পতিবার আরও একজন হজযাত্রীর মৃত্যু হয়।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসাসেবা ও জরুরি স্বাস্থ্য সহায়তা দিতে বাংলাদেশ হজ মিশন সার্বক্ষণিক কাজ করছে। হজযাত্রীদের সার্বিক পরিস্থিতিও নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
সৌদি আরবের প্রচলিত নিয়ম অনুযায়ী, হজ বা ওমরাহ পালনকালে কোনো হাজির মৃত্যু হলে সাধারণত সেখানেই দাফনের ব্যবস্থা করা হয়। মরদেহ দেশে ফিরিয়ে আনার সুযোগ সীমিত। প্রতিটি মৃত্যুর ঘটনায় স্থানীয় সৌদি কর্তৃপক্ষ প্রয়োজনীয় ধর্মীয় ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন। গত ১৮ এপ্রিল হজযাত্রীদের প্রথম ফ্লাইট ঢাকা ত্যাগ করে এবং শেষ ফ্লাইট সৌদিতে পৌঁছায় ২১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।
/এসএকে