চুয়াডাঙ্গার দামুড়হুদায় খাবার খাওয়ার সময় গলায় মাংস আটকে এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঈদের আনন্দের মধ্যেই এমন ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার লোকনাথপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত আখিতারা খাতুন ওরফে আঁখি (১১) স্থানীয় ডিএস দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। সে গ্রামের আব্দুল্লাহ হকের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাওয়ার সময় হঠাৎ তার গলায় মাংস আটকে যায়। এতে সে শ্বাস নিতে না পেরে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন দ্রুত তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আরও পড়ুন
তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, হাসপাতালে আনার সময় আখিতারা আর জীবিত ছিল না।
স্থানীয়রা জানান, প্রাণবন্ত ও মেধাবী এই ছাত্রীর আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে বিষাদে।
ঘটনার পর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল ও বাড়ির পরিবেশ। প্রতিবেশীরাও এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।
এএডি/