কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় ইব্রাহিম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় রবিউল নামে একজনকে আটক করেছে পুলিশ। নিহত ইব্রাহিম হারিয়াখালী ৩ নম্বর ওয়ার্ড এলাকার সামশুল আলমের ছেলে। আটক রবিউল একই এলাকার জালাল সওদাগরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ মে সন্ধ্যা ৬টার দিকে ওমর ফারুক, মো. তৈয়ব ও মো. শফিক টমটমযোগে শাহপরীর দ্বীপ এলাকায় যাওয়ার পথে হারিয়াখালী ব্রিজ এলাকায় পৌঁছালে রাজু, রবিউল ও তাদের সহযোগীরা পথরোধ করে। পূর্ব বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে ওমর ফারুক, শফিক ও তৈয়ব সেখান থেকে চলে গেলে অভিযুক্তরা তাদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করা হয় এবং ওমর ফারুকের ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী নুর কলিমাকে মারধর করা হয় বলেও জানা গেছে।
হামলার সময় ছোড়া পাথরের আঘাতে কিশোর ইব্রাহিম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) মোর্শেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত রবিউল নামে একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা মো. তৈয়ুব বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।
টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার পর এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।
আরবিএন