সৌদি আরবের রিয়াদে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাহাদি রাজ শুভ নামের লক্ষ্মীপুরের কমলনগরের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুহাম্মদ দুলালের ছেলে।
সৌদি আরবে অবস্থানরত শুভর সহকর্মী আরাফাত হোসেন রায়হান গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মে) স্থানীয় সময় ভোরে মাহাদি রাজ শুভ মোটরসাইকেল নিয়ে ফুড ডেলিভারির কাজে বের হন। তবে সন্ধ্যা হয়ে গেলেও তিনি বাসায় না ফেরায় সহকর্মীরা তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে রাতে সৌদি আরবের স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রিয়াদ শহরের তোমামা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় শুভ প্রাণ হারিয়েছেন। বর্তমানে তার মরদেহ সৌদির কিং সৌদি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের পরিবার জানায়, প্রায় ছয় মাস আগে জীবিকার তাগিদে দ্বিতীয়বারের মতো সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন শুভ। তাঁর বাবা মুহাম্মদ দুলালও একজন প্রবাসী। এদিকে শুভর আকস্মিক মৃত্যুর খবরে তাঁর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে।
সময়ের আলো/জেডি