খুলনার তেলিগাতী এলাকায় চুরির অপবাদ দিয়ে সাজমীর (২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাজমীর সাং- তেলিগাতী এলাকার রুহুল কুদ্দুসের ছেলে।
গত শনিবার রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক এক শিক্ষার্থীর মোবাইল ফোন এবং ভারতীয় রুপি চুরির অভিযোগ তুলে সাজমীরকে গণপিটুনি দেয় স্থানীয় কয়েকজন যুবক।
গণপিটুনির শিকার হওয়ার পরদিন (রোববার) স্বজনেরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তিনি মারা যান।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, ঘটনার পর পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি কিংবা কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি।
মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/জোই