খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঝিনাইদহে সন্দেহজনক হামে দুই জন এবং খুলনা জেলায় ডেঙ্গুতে দুই জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে বিভাগের ১০ জেলায় হাম ও ডেঙ্গুতে নতুন করে ৩৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর থেকে প্রকাশিত পৃথক দুটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ২৬০ জন এবং বেসরকারি হাসপাতালে ২৪ জন চিকিৎসাধীন রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৯৫ জন খুলনা জেলার এবং ৪৮ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে মোট ৮ হাজার ১৯৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ২৭ জন। বর্তমানে ৯৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
একই সময়ে বিভাগে নতুন করে ৯০ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে সর্বোচ্চ ২১ জন খুলনা জেলার। এই ২৪ ঘণ্টায় ঝিনাইদহে হামে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১৫ মার্চ থেকে শুরু করে অদ্যাবধি বিভাগে মোট ১০ হাজার ৯৮৮ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন এবং মোট ৪০ জন মারা গেছেন।
এক দিনে চার জনের মৃত্যু ও নতুন করে ৩৭৪ জন আক্রান্ত হওয়ার ঘটনায় খুলনা বিভাগের ১০ জেলায় হাম ও ডেঙ্গু প্রতিরোধে বাড়তি সতর্কতা অবলম্বনের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর।
সময়ের আলো/জোই