ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের পোড়াহাটি গ্রাম থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের (৬৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সূত্রে জানা গেছে, পোড়াহাটি এলাকার ফিট অ্যান্ড ফ্রেশ এগ্রোর পেছনে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। তবে এলাকাবাসীর কেউ ওই বৃদ্ধের পরিচয় শনাক্ত করতে পারেননি।
ঘটনাস্থলে উপস্থিত পিবিআই ঢাকা জেলার পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম বলেন, ‘মরদেহটি পচে যাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তারপরও পরিচয় শনাক্তে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।’
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
/এসএকে