রংপুরের পীরগাছায় চলন্ত ট্রেনের নিচে মাথা পেতে আতিক (২৩) নামের এক যুবকের অস্বাভাবিক আত্মহননের ঘটনা ঘটেছে। ঘটনার সময় ওই যুবকের প্যান্টের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আমার জন্য দোয়া করবেন।’
রোববার (৩১ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার উচাপাড়া ও দুধিয়াবাড়ি রেলগেট সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত ওই যুবকের নাম আতিক হোসাইন। তিনি পীরগাছা উপজেলার কিসামত পারুল এলাকার আলতাব হোসেনের সন্তান বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে লালমনিরহাট স্টেশন থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ‘বগুড়া কমিউটার’ নামের একটি ট্রেন উচাপাড়া ও দুধিয়াবাড়ি রেলগেট এলাকা অতিক্রম করছিল। ঠিক সেই মুহূর্তে ওই যুবক লাইনের ওপর দাঁড়িয়ে চলন্ত ট্রেনের নিচে নিজের মাথা পেতে দেন।
ট্রেনটি চলে যাওয়ার পর স্থানীয় সাধারণ মানুষ রেললাইনের ধারে মাথা বিচ্ছিন্ন অবস্থায় ওই যুবকের নিথর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে এই নির্মম আত্মহত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও স্থানীয়রা তার পরিচয় শনাক্ত করেন। তবে ঠিক কী কারণে ওই যুবক এমন চরম পথ বেছে নিয়েছেন, সে সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর পীরগাছা থানা পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে দেখা যায়, রেললাইনের পাশে যুবকের মাথাবিহীন রক্তাত্ব দেহটি পড়ে রয়েছে। তার একটি হাতে মেহেদি দিয়ে নিজের নাম ‘হোসাইন’ লেখা ছিল। পুলিশ সুরতহাল করার সময় তার প্যান্টের পেছনের পকেট থেকে সেই চিরকুটটি উদ্ধার করে, যেখানে নিজের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করে সবার কাছে দোয়ার আকুতি জানিয়েছেন তিনি।
পীরগাছা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার ইউছুব আলী এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে আত্মহত্যার এই ঘটনার বিষয়ে রেলওয়ে পুলিশকে ‘জিআরপি’ প্রাতিষ্ঠানিকভাবে খবর দেওয়া হয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার পেছনে অন্য কোনো পারিবারিক বা মানসিক রহস্য লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখতে রেলওয়ে পুলিশ ও স্থানীয় থানা প্রশাসন যৌথ তদন্ত শুরু করেছে।
সময়ের আলো/টিএইচ